বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে (কারস) স্থাপিত করোনার নমুনা পরীক্ষার ল্যাব বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার থেকে এটির কার্যক্রম আনুষ্ঠানিক বন্ধ করা হয়। সরকার সাধারণ ছুটি তুলে নেওয়ায় গত রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব অফিশিয়াল কার্যক্রম সীমিতভাবে শুরু করে। ফলে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, ‘আর্থিক কারণে নয়, আমাদের আগে থেকেই কথা ছিল ৩১ মে পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। ল্যাবের আনুষঙ্গিক যন্ত্রপাতি আমাদের বিভিন্ন বিভাগ থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো এখন সেখানে গবেষণার কাজে প্রয়োজন হচ্ছে। মূলত এজন্য করোনার নমুনা পরীক্ষার কাজটা আর হচ্ছে না।’ তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অসহযোগিতা এবং পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবসহ মৌলিক চারটি কারণে ল্যাব বন্ধ হচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটি।
প্রসঙ্গত, গত ৫ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ল্যাবের কার্যক্রম শুরু হয়। তখন থেকে এ ল্যাবে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা হতো।
