যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশের নতুন ডিজিটাল নিরাপত্তা আইন মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় আঘাত। এমনকি এটি আগের আইনের চেয়েও বেশি দমনমূলক। সোমবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, মুজলিং ডিসসেন্ট অনলাইন সতর্ক করে বলছে, নতুন আইনের অস্পষ্ট ও সামগ্রিকভাবে বিস্তৃত ধারাগুলো সাংবাদিক ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের ভয় দেখানো বা বন্দি করা, ভিন্নমত দমন ও আক্রমণাত্মক নজরদারির কাজে ব্যবহার করা হতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-পরিচালক দিনুশিকা দিসানায়াকে বলেন, তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে বাংলাদেশে কমপক্ষে ১২শ’ মানুষকে গ্রেফতার করা হয়েছে। অতীতের ধারা অব্যাহত থাকলে নতুন কঠোর আইন আরও বেশি দমনমূলক হবে। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অনেক উপায়কেই ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া ভিন্নমত পোষণের অনেক বৈধ উপায়ের জন্য বিশাল জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও মানের পরিপন্থী। অবিলম্বে এই আইনটিতে সংশোধনী আনা উচিত।
