লিবিয়ায় পাচারের পর হত্যার ঘটনায় মাদারীপুরে তিনটি মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে। এদিকে গোপালগঞ্জে একই ঘটনায় আরেকটি মামলা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, লিবিবায় গুলি করে এক যুবক হত্যা ও অপর এক জনকে আহত করার ঘটনায় মুকসুদপুর থানায় তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার নিহত সুজন মৃধার বাবা কাবুল মৃধা এ মামলা করেন। মামলার আসামিরা হলেন—পাচারকারী চক্রের সদস্য মুকসুদপুরের লিয়াকত শেখ ওরফে লেকু শেখ ওরব মোড়ল ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার জুলহাস সরদার।
মাদারীপুর প্রতিনিধি ও টেকেরহাট সংবাদদাতা জানান, মাদারীপুর সদর মডেল থানায় একটি এবং রাজৈর থানায় দুইটি মামলা দায়ের করেছে তিন নিহতের পরিবার। তিন মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি জুলহাস করোনা পজেটিভ নিয়ে পুলিশি হেফাজতে মাদারীপুর সদর হসাপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। মাদারীপুর সদরের মো. শামীম হাওলাদারের বাবা হালিম হাওলাদার তিনজনকে আসামি করে মামলা করে। মামলার প্রধান আসামি দালাল নজরুল মোল্লার স্ত্রী দিনা বেগমকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে রাজৈর উপজেলার নিহত জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার দালাল জুলহাস সরদারসহ চারজনের নামে মামলা করেছেন। এছাড়াও গতকাল রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের নিহত রহিম খালাসীর ভাই আবুল খায়ের আরো একটি মামলা করেন। এই মামলা জুলহাস সরদারসহ সাত জনকে আসামি করা হয়েছে।
