২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২০, ০০:২৩

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনার সংক্রমণ থেকে কর্মকর্তাদের রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের ২৫ শতাংশ কর্মকর্তা অফিস করবেন। সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চার ভাগ করে রোস্টার করে দেওয়া হবে। একেক ভাগ একেক দিন বা তিন দিন করে অফিস করবেন। পরের ভাগ তিন দিন করে করবেন। তিনি আরো বলেন, এ বিষয়ে কেবিনেট সচিব এরই মধ্যে সব মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বলে প্রজ্ঞাপন জারি করবেন। মন্ত্রণালয়ের ভেতরে যাতে কেউ করোনায় আক্রান্ত না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফরহাদ হোসেন।