করোনা যোদ্ধাদের উদ্দেশে গুলশানে ডিএনসিসি মার্কেটের দুটি দেয়ালে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ডিএনসিসির আঁকা দেয়ালচিত্র দুটির মাধ্যমে করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। দেয়ালচিত্র উদ্বোধনের সময় মেয়র বলেন, করোনা মোকাবিলায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এসেছে। বিশেষ করে ডাক্তার, নার্সসহ অন্যান্য চিকিত্সাকর্মী, সরকারি কর্মচারী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ আরো অনেকে নানাভাবে করোনা মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ দেয়ালচিত্র দুটিতে তাদের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন ঘটানো হয়েছে। তিনি আরো বলেন, গণমাধ্যমকর্মীরা করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করে যাচ্ছেন প্রতি মুহূর্তে। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন তাদের বচন, ক্যামেরা ও কলমের মাধ্যমে। সব গণমাধ্যমকর্মীর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে এ দেয়ালচিত্রে তাদেরও তুলে ধরা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত করে যাচ্ছেন; জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন, ত্রাণ বিতরণ করছেন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে। এ দেয়ালচিত্রে তাদেরও দেখানো হয়েছে। আতিকুল ইসলাম বলেন, করোনা মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
