পরিবার আত্মীয়জন সবকিছু ফেলে কিছু মানুষ অজানা পৃথিবীর দিকে পা বাড়ায়। এরা যখন বৈদেশিক মুদ্রা দেশে পাঠায়—শুধু তাদের পরিবারই হাসে না, হেসে ওঠে পুরো বাংলাদেশ। তাদের রক্ত-ঘামের কারণেই দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু এই গল্পটা সবার কপালে লেখা থাকে না। কারো কারো স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়। এর জন্য দায়ী অবৈধ দালালচক্র। এই মানুষরূপী অমানুষগুলো স্বার্থ হাসিলের জন্য প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে জব্দ করে। দালালদের ইচ্ছা মিটিয়ে এভাবে কেউ কেউ শেষপর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যাওয়ায় পর দেখে ভিসায় উল্লেখ থাকা কোম্পানির কোনো চিহ্নও সেই দেশে নেই। আবার কেউ ভিসা অনুযায়ী কাজ পেয়েও যথাযথ মজুরি পায় না। শ্রমিক ভিসায় যারা বিদেশে কাজের সন্ধানে যায়, তারা প্রায় সবাই নিজের ভিটা জায়গাজমি বিক্রি করেই অজানা দেশে পাড়ি জমায়। কেউ কেউ তো পৌঁছুতেই পারে না। তার আগেই দালালচক্র সেই অসহায় ব্যক্তিকে কোথাও জিম্মি করে পরিবারকে টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না দিতে পারলে সোজা মৃত্যু। যার উদাহরণ সম্প্রতি ২৬ বাংলাদেশিকে লিবিয়ায় হত্যা। এতে শুধু ২৬ ব্যক্তিই মারা যায়নি, মৃত্যু হয়েছে ২৬টি পরিবারের। তাই দায়ী দালালচক্রের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণসহ প্রশাসনের কাছে দেশের মানব পাচার রোধে কঠোর নজরদারির আবেদন জানাই।
মো. আফসারুল আলম মামুন
পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়
