স্বাস্থ্যবিমার আওতায় আসবে ঢাবি শিক্ষার্থীরা

আপডেট : ০৩ জুন ২০২০, ০০:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্বাস্থ্যবিমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যূনতম প্রিমিয়ামে শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাসেবা দিতে নীতিমালা প্রণয়ন করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই সভার আয়োজন করা হয়।