একাকী অনুশীলনের অনুমতি পেলেন না মুশফিক

আপডেট : ০৩ জুন ২০২০, ২১:৩৩

করোনা ভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি থেকে গৃহবন্দি ক্রিকেটাররা। ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। বিশেষ করে মুশফিকুর রহিম। ব্যাটিং, অনুশীলনের বাইরে থাকাটা পোড়াচ্ছে তাকে। মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় ফিরতে ব্যাকুল তিনি। বাসায় নিয়মিত ফিটনেসের কাজ করলেও সম্প্রতি বিসিবির কাছে মিরপুরে একাকী অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিক। কিন্তু তার আবেদনে সাড়া দেয়নি বিসিবি। গতকাল এ সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এ বিষয়ে মুশফিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। যখন সবকিছু স্বাভাবিক হবে, প্রস্তুত হবে, তখন সে অনুশীলন করতে পারবে। একক অনুশীলনের অনুমতি দিলেও সেটা একক থাকে না। নেট বোলার থেকে শুরু করে মাঠ ও উইকেট তৈরি করার মানুষ দরকার হবে এখানে। যা ঝুঁকির হয়ে যায়। এ কারণে এমন সিদ্ধান্ত।