ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ঢাকা-ময়মনসিংহ ফোর লেন সড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার নামক স্থানে বুধবার (৩ জুন) রাত তিনটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী (৫০) ও কুলেছা বেগম (৪৫) নামে এক দম্পতি নিহত হয়েছে। নিহতরা নালিতাবাড়ির চীনাপাড়া গ্রামের বাসিন্দা। তারা গাজিপুরে পোশাক কারখানার শ্রমিক।
ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ ফোর লেন সড়কের উল্লেখিত স্থানে সামনে থাকা একটি গাড়িকে পিছন দিক থেকে ধাক্কা দিলে, পিকআপে থাকা ঐ দম্পতি সড়কে ছিটকে পড়ে। এ সময় অন্য একটি গাড়ির চাপায় কুলেছা বেগম ঘটনাস্থলেই নিহত হয়। আহত স্বামী আক্কাছ আলীকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
অপর দিকে, একই সড়কে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সীডস্টোর এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত কামরুল ইসলাম ভালুকা উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকার জাতীয় পার্টির নেতা আব্দুল কাদির সরকারের ছেলে। কামরুল ইসলাম সীডস্টোর আমতলী এলাকার সানসেন বারডেন ফার্মা লিমিটেডে কর্মরত ছিলেন।
