মারা গেছেন একজন
ইত্তেফাক রিপোর্ট
দেশের নৌ ও স্থলবন্দরে অবস্থিত কাস্টমস হাউজগুলোতে দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ গতকাল বুধবার ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা গেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা জসিমউদ্দিন মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম ইত্তেফাককে জানান, করোনায় মারা যাওয়া জসিমউদ্দিন মজুমদার গত প্রায় ২০ দিন ধরে চিকিত্সাধীন ছিলেন। তিনি বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউজ প্রাঙ্গণকে করোনামুক্ত রাখতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউজে প্রায় ৩ হাজার মানুষ আসে। ঈদের সময়ও চালু ছিল এই অফিসের কার্যক্রম। সবমিলিয়ে সংক্রমণ ঠেকানো কঠিন।
জসিমউদ্দিন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, চট্টগ্রাম কাস্টমস হাউজ ও বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)।
বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুশফিকুর রহমান ইত্তেফাককে জানান, এখন পর্যন্ত কাস্টমস বিভাগে অন্তত ৩৫ জনের করোনা ভাইরাসে সংক্রমণ হয়েছে।
