ডিম আলু নিয়ে অস্বস্তিতে ক্রেতা

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৩

প্রতি কেজি আলু ও প্রতি হালি ডিমে পাঁচ টাকা বেড়েছে

 ইত্তেফাক রিপোর্ট

গত এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের দাম কমেছে। কিন্তু ডিম, আলুর ঊর্ধ্বমুখী দামে ক্রেতার সেই স্বস্তি মিলিয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলু ৪ থেকে ৫ টাকা ও প্রতি হালি ডিমে ৫ টাকা বেড়েছে। এছাড়া সবজির দামও এখন তুলনামূলক বেশি। মঙ্গলবার রাজধানীর শান্তিনগর ও তুরাগ এলাকার নতুনবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়।

গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে আলু ২৮ থেকে ৩০ টাকা, পটোল, ঢ্যাঁড়শ ৪০ থেকে ৪৫ টাকা, শশা ৪০ টাকা, গাজর ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, টম্যাটো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। এছাড়া লাউ, কুমড়া প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। আলুর পাশাপাশি হঠাত্ করেই বাজারে দাম বেড়েছে ডিমের। প্রতি হালি ডিমে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৩ টাকায়। অথচ সপ্তাহখানেক আগেও এক হালি ডিমের দাম ছিল ২৫ থেকে ২৮ টাকা।  শান্তিনগর এলাকার সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, গ্রীষ্মকালীন মৌসুমে সবজির সরবরাহ তুলনামূলক কম থাকে। এর মধ্যে রয়েছে করোনাকালীন বিভিন্ন সংকট। তিনি বলেন, আলুর দামটা বেশি বেড়েছে।  তবে ভোক্তাদের জন্য সুখবর হলো, গত এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। এর মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আদা, মসুর ডাল, চিনি, আটা ও ময়দা।