টাঙ্গাইলের বাসাইলে মনোয়ারা বেগম (৪২) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই নারীর বাড়ি বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা পৌলীপাড়া গ্রামে। নিহত মনোয়ারা বেগমের স্বামীর নাম ধলা খান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী। এজন্য তিনি ওই বাড়ীতে একাই বসবাস করতেন। সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর সাথে জমি নিয়ে প্রতিবেশীর দীর্ঘ দিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়।
বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী বলেন, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম
