বিশ্ব এখনো করোনা প্রকোপে কাঁপছে। দফায় দফায় করোনার হানায় পালটে যাচ্ছে মানুষের কর্মযজ্ঞের ধরন। কিন্তু আমরা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি না। লকডাউন পরবর্তী হাটে-মাঠে-ঘাটে ফিরেছে আগের মতো অসতর্ক ব্যস্ততা। আর তার ফলও পাওয়া যাচ্ছে হাতেনাতেই। বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। লাশের সারি হচ্ছে দীর্ঘ। লোকসমাগম যে করোনা ছড়িয়ে পড়ার অন্যতম কারণ, তা সবাই জানে। তবু মানুষ এমন অসতর্কভাবে চলছে, মনে হয় যেন সব ঠিক হয়ে গেছে। স্বাস্থ্যবিধি না মেনে যানবাহনের ব্যবহার আমাদের কোথায় নিয়ে যায়—তা সময়ই বলে দেবে। তাই আসুন, সময় থাকতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে যানবাহনে যাতায়াত করি। নিজে বাঁচি, দেশকে বাঁচাই!
আবু জাফর
শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
