নটর ডেমসহ চার কলেজের আলাদা ভর্তি কার্যক্রম স্থগিত

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:৫১

ঢাকার চারটি কলেজে নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে বুধবার এই স্থগিতের কথা জানিয়ে আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। কলেজ চারটি হলো নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরী।

কয়েক বছর ধরে ঢাকার নামকরা চারটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালিয়ে আসছিল। সারাদেশের সরকারি-বেসরকারি কলেজগুলো বেশ কয়েক বছর ধরেই মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে একাদশে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছে। তবে ব্যতিক্রম ছিল ঢাকার এই চারটি কলেজ। ভর্তি পরীক্ষা নিয়েই শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল তারা।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এই চারটি কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে।

এদিকে ৩১ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৮২ দশমিক ৮৭ শতাংশ উত্তীর্ণ শিক্ষার্থীর কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তা এখনো ঠিক হয়নি।