রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা পুলিশ তাদের আটক করে।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়েছে। আটক হওয়ার পর তারা আমাদের কাছে দাবি করে বলেছে, সিটি করপোরেশনের কাছ থেকে টেন্ডার নিয়ে তারা বিভিন্ন বাস থেকে টাকা তুলছিলেন। এটি তাদের বৈধ চাঁদা। তিনি বলেন, তাদের বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য টেন্ডারের কাগজপত্র আনতে বলা হয়েছে। কাগজপত্র আনার পর যদি তাদের বক্তব্যের সত্যতা পাওয়া যায় তাদের ছেড়ে দেওয়া হবে। অন্যথায় মামলা দায়ের করা হবে তাদের বিরুদ্ধে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, আটককৃতদের বক্তব্য যাচাই করা হচ্ছে। তাই সঙ্গত কারণে তাদের নামপরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। রাস্তায় তোলা সংগ্রহের বৈধতা পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তখন পরিচয় প্রকাশ করা হবে। বর্তমানে আটককৃতরা পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে।
