প্রায় ১০০ বছরেরও বেশি সময় পরে ভারতের মুম্বাই সংলগ্ন এলাকায় আছড়ে পড়লো কোনো ঘূর্ণিঝড়। সাইক্লোন ‘নিসগর্’ প্রবল বেগে গতকাল মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে। এর ফলে মুম্বাই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। মুম্বাইসহ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। আগেই করোনা রোগীসহ লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, ভারতের দেওয়া ‘গতি’ নামের আরো একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। ‘নিসর্গ’ ছিল বাংলাদেশের দেওয়া নাম। খবর এনডিটিভি, আলজাজিরা ও ওয়ানইন্ডিয়ার
গতকাল দুপুরেই মহারাষ্ট্রর উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে নিসর্গ। এনডিআরএফ (জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী) এর শীর্ষ কর্তা এসএন প্রধান, টুইটে লেখেন যে, মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আলিবাগের কাছে দুপুরেই আছড়ে পড়েছে নিসর্গ। এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার। এ কারণেই প্রবল বেগে ঝড়োহাওয়া বয়ে যায়। সমুদ্রে প্রায় ছয় ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, মহারাষ্ট্রের নিচু এলাকাগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে সমুদ্রের পানি।
মুম্বাইসহ উপকূলীয় এলাকা থেকে লক্ষাধিক মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। করোনা সতর্কতায় তাদের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর দেওয়া হয়েছে। ঝড়ের আঘাতে মুম্বাইসহ বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
