কাপাসিয়ায় গৃহকর্মীকে পিটিয়ে হত্যা, গৃহকর্তা আটক

আপডেট : ০৪ জুন ২০২০, ০০:৪৭

গাজীপুরের কাপাসিয়ায় বুধবার ( ৩ জুন) সকালে এক গৃহকর্মীকে পিটিয়ে হত্যা করা  হয়েছে এ ঘটনায় পুলিশ গৃহকর্তাকে আটক করেছে।

নিহত গৃহকর্মীর নাম পারভীন আক্তার (৩৮)। তার বাড়ী একই উপজেলার রায়েদ ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের সুবেদ আলীর মেয়ে। সে দীর্ঘদিন যাবৎ কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের জামিরার চর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাড়ীতে গৃহকর্মীর কাজ করতো। আটক গৃহকর্তার নাম হাফিজুর রহমান টিটু (৪০)। সে উপজেলার জুনিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ: রফিকুল ইসলাম জানান, কয়েক বছর আগে পারভীনের বিয়ে হয়েছিল তরগাঁও ইউনিয়নের বাঘিয়া চিনাডুলি গ্রামের আব্দুর রশিদের সাথে। দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে বিগত বেশ কয়েক বছর যাবৎ পারভীন সদর ইউনিয়নের জামিরার চর গ্রামে ভাড়া বাসায় বসবাস করত।

এরই মাঝে অবিবাহিত বখাটে যুবক টিটুর সাথে তার পরিচয় হলে টিটুর বাড়িতে তার যাতায়াত শুরু হয়। সবাই জানে পারভীন তার বাড়ীর কাজের বুয়া। তবে, স্থানীয়দের অভিযোগ টিটুর বাড়িতে প্রায়ই নেশার আসর বসত এবং সেখানে পারভীন তাদের মনোরঞ্জন করত। আগেও টিটু পারভীনকে মারধর করলে পারভীনের মামলায় টিটুকে গ্রেফতার করা হয়েছিল।

বুধবার সকালে টিটুর বাড়িতে পারভীন ও টিটুর মাঝে ঝগড়া বিবাদের উচ্চ শব্দ তারা শুনতে পেয়েছিলেন বলেও জানান। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত টিটুর বাড়িতে নীরবতা লক্ষ করা যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে টিটুর বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষ থেকে পারভীনের লাশ উদ্ধার করে। 

কাপাসিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, টাকা দেয়া নেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে লোহার রড জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করলে পারভীনের মৃত্যু হয়। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসআই