ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণ কার্যক্রম সমন্বিত ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে ১ জুন শিল্প মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসককে আহ্বায়ক এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) জেলা পর্যায়ে অবস্থিত শিল্প সহায়ক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক/ ব্যবস্থাপক/ উপব্যবস্থাপককে সদস্য-সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও জেলা পর্যায়ের এই কমিটিতে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের কাজে নিয়োজিত লিড ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (প্রযোজ্য ক্ষেত্রে), এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি (প্রযোজ্য ক্ষেত্রে), জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর জেলা সভাপতি, খাতভিত্তিক শিল্প সংগঠনের জেলা সভাপতি (প্রযোজ্য ক্ষেত্রে), উইমেন চেম্বার বা অ্যাসোসিয়েশনের সভাপতি (প্রযোজ্য ক্ষেত্রে), জেলা প্রশাসক মনোনীত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি (এক জন) এবং জেলা প্রশাসক মনোনীত মাইক্রো ফাইন্যান্সিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানের জেলা প্রতিনিধিকে (এক জন) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির কার্য-পরিধিতে বলা হয়েছে যে, গঠিত কমিটি জেলার অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি শিল্পের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাগণ যেন স্বচ্ছতার সঙ্গে ঝামেলাহীনভাবে ব্যাংক থেকে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ গ্রহণ করতে পারে—এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ বিতরণ, তদারকি ও আদায় সংক্রান্ত কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রাপ্ত সমস্যাসমূহ স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি এ কমিটি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটিরশিল্পের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাগণ কোভিড-১৯ পরবর্তী সময়ে যেন স্বাভাবিক ব্যবসায় ফিরে আসতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
