নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রমত্তা ধনু নদের ভাঙনের কবলে পড়ে গত সপ্তাহে ৪৬টি বাড়িঘর বিলীন হয়ে গেছে। আরো বাড়িঘর এখন ভাঙনের কবলে। বসতবাড়ির লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে। এদিকে ভাঙনের কবলে পড়া লোকদের সাময়িকভাবে সরকারের খাসজমিতে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে।
এলাকা সূত্রে জানা গেছে, গত কয়েক দিন যাবত্ আকস্মিক ঢলে ধনু নদীর পানি অনেক বেড়ে যায় এবং নদের তীর ভাঙতে শুরু করে। এভাবে গত কয়েক দিনে চরপাড়া গ্রামের কামাল মিয়া, শামছু মিয়া, বাবুল মিয়া, ফারুক, আলী উছমান এবং মাজু মিয়াসহ ৪৬টি পরিবারের বাড়িঘর নদের প্রবল তোড়ে বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কামাল মিয়া বলেন, ধনু নদের তীব্র স্রোতে প্রতি বছরই কিছু না কিছু বাড়িঘর ভেঙে পড়ে। আবার তা মেরামত করা হয়। কিন্তু গত কয়েক দিনে এত বেশি ভাঙন হয়েছে, তা আমাদের পক্ষে মেরামত করা সম্ভব হয় নাই। এখন আমরা অসহায় অবস্থার মধ্যে আছি।’
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, চরপাড়া গ্রামে ধনু নদের ভাঙন রোধ এবং এলাকায় চার কিলোমিটার নদ খননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রকল্প পাঠানো হয়েছে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ভাঙনের পরপরই তিনি এলাকায় যান এবং লোকদের সঙ্গে কথা বলেন। আপাতত এই গ্রামেই তাদের রাখা হয়েছে। তবে পাছাট বাজারের কাছে সরকারের খাস জমিতে নদের ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণ করে তাদের সেখানে স্থানান্তরিত করবেন। এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসকের সঙ্গেও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, তিনি সেখানে রবিবার যাবেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রাম নির্মাণ করা যায় কি না, তা খতিয়ে দেখবেন।
