গণহারে অকৃতকার্য ফলের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫৩

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গণহারে অকৃতকার্য ফলাফলের প্রতিবাদে বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। পরে স্থানীয় প্রশাসন সুরাহার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

শিক্ষার্থী শিহাবউদ্দীন জানান, জনপ্রতি ৫০০ করে টাকা নিলেও ইন্সপেক্টর ও ডেমোনেস্ট্রেটররা কোনো ক্লাস এমনকি ব্যবহারিক পরীক্ষাও নেননি। ব্যবহারিক নম্বর বোর্ডে পাঠানোও হয়নি। নম্বর না পেয়ে বোর্ড সব পরীক্ষার্থীকে গণহারে অকৃতকার্য ঘোষণা করে।

অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, করোনার কারণে বাস্তব প্রশিক্ষণ হয়নি। বোর্ডের সুস্পষ্ট নির্দেশনা না থাকায়  ব্যবহারিক নম্বর ও পাঠানো হয়নি। রেজাল্টের তিন দিন আগে বোর্ড পরীক্ষার নম্বর চাইলে গত ২৪ মে ইমেইলে নম্বর পাঠানো হয়। তবে বোর্ড আমলে নেয়নি।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, দায়িত্বে অবহেলার জন্য অধ্যক্ষ সাইফুল ইসলামকে শোকজ করা হয়েছে। কারিগরি বোর্ডের সংশোধিত রেজাল্টে বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশাবাদী।