চীনা কর্মকর্তাদের খোঁজ নিতে ওয়াসার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

করোনার সময়ে ২৫ জন চীনা বিশেষজ্ঞসহ ১২৫ জন দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারীর খোঁঁজখবর নিতে মুন্সীগঞ্জে অবস্থিত ওয়াসার পানি শোধনাগার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন ক্ষমতাসম্পন্ন প্ল্যান্টটি পরিদর্শন করেন। মন্ত্রী তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং এই সংকটকালীন সময়েও কাজ অব্যাহত রাখায় তাদের প্রশংসা করেন। মো. তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সারাদেশের সাধারণ মানুষের ন্যায় এখানে কর্মরত সকলের স্বাস্থ্য নিরাপত্তায় সব সময় বিশেষ নজর রাখবে সরকার। মন্ত্রী পানি শোধনাগারটি ঘুরে দেখেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা শহরের ক্রমবর্ধমান খাবার পানির চাহিদা মিটানোর জন্য পদ্মা নদীর উত্স হতে পানি সরবরাহের লক্ষ্যে ৩ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।