চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৩০

করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম এবং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল আলম।

গতকাল ভোর ৫টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান নুরুল আলম এবং সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মো. রফিকুল আলম। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য এম এ লতিফ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা এক বৃদ্ধ (৬২) বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। জানা যায়, মারা যাওয়া ঐ বৃদ্ধের পরিবারের চার জন সদস্যের ইতিমধ্যে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ঐ বৃদ্ধের দেহের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

ইত্তেফাকের চট্টগ্রাম অফিস ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে।