আগামীকাল শনিবার থেকে সীমিত পরিসরে এবং স্বল্প লোকবল নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খুলছে। তবে একাডেমিক কার্যক্রম যথারীতি অনলাইনে চলবে। গতকাল বৃহস্পতিবার রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে রুয়েটের অফিসসমূহ স্বল্পসংখ্যক লোকবলের মাধ্যমে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে। অফিস বা দপ্তরপ্রধানগণ নিয়ন্ত্রণাধীন অফিসের ন্যূনতমসংখ্যক প্রয়োজনীয় জনবল নির্ধারণ করবেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করবেন। স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি ও থিসিস পরীক্ষার ব্যবস্থা নিজ নিজ বিভাগ গ্রহণ করবে। কর্মঘণ্টা শিথিলযোগ্য, দাপ্তরিক কার্যাবলি সকাল ৯টা থেকে দুপুর ২টায় সীমিত থাকবে। এছাড়া কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না; তবে বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
