জনগণ এখন তাদের গবেষণাগারের গিনিপিগ :রিজভী

আপডেট : ০৫ জুন ২০২০, ০০:২৫

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লকডাউনসহ বিভিন্ন কঠোর পদক্ষেপের কারণে বিশ্বের বিভিন্ন  দেশে করোনা ভাইরাস পরিস্থিতির যখন উন্নতি ঘটছে, তখন আমাদের দেশে ভয়াবহ আকারে অবনতি হচ্ছে। অবিবেচকের মতো সবকিছু খুলে দিয়ে এখন তামাশা দেখছে সরকার। তাদের ভাবখানা এমন—চরে খাও, বাঁচলে বাঁচো, মরলে মরো। জনগণ এখন তাদের গবেষণার গিনিপিগ।

গতকাল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে কাতরাচ্ছে করোনা রোগীরা এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে। চারিদিকে এত উন্নয়নের বুলি, অথচ বাংলাদেশে একটিও আইসিইউ অ্যাম্বুলেন্স নেই। আসলে যারা ক্রসফায়ার আর গুমের আদর্শিক চেতনায় লালিত তাদের কাছে জীবনের কোনো মূল্য নেই।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করছে বাস কোম্পানিগুলো। কোথাও স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নেই। সরকার নিজেদের দলীয় সিন্ডিকেটের পকেট ভরতে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে। অথচ করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের  কোনো  দেশে গণপরিবহনের ভাড়া এক টাকাও বাড়েনি। তিনি আরো বলেন, সন্ত্রাসীবান্ধব সরকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সহযোগিতা দিয়ে হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে দেশের বাইরে পাঠিয়ে রক্ষা করার পর তাদের গাড়ি আটকের ঘটনা সত্যিই বছরের সেরা তামাশা।