লালবাগে গাজী টায়ারের অফিসে আগুন

আপডেট : ০৫ জুন ২০২০, ০০:৩২

পুরান ঢাকার লালবাগের পোস্তায় সাততলা গাজী ভবনের চারতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঐ ফ্লোর পুড়ে গেছে। এটি গাজী টায়ারের অফিস। গতকাল বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। রাতে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পোস্তার সাততলা গাজী ভবনটির চতুর্থ তলায় গাজী টায়ারের অফিস। রাতে সেটি বন্ধ ছিল। রাত ৯টা ৪০ মিনিটে ঐ অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ১১টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এর মধ্যে গাজী টায়ারের অফিস পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।