বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আসিফ ইমরানের কক্ষ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর তাকে খুঁজে যাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কক্ষ থেকে খালি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। আগ্নেয়াস্ত্রটির মালিক কে- সে বিষয়ে তথ্য জানতে পুলিশ ইমরানকে জিজ্ঞাসাবাদ করবে।
ভাটারা থানার ওসি মোক্তার উজ্জামান বলেন, সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের পিস্তলটির মালিককে আমরা খুঁজছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিস্তলটি ইমরানের অফিস কক্ষের লস্ট এ্যান্ড ফাউন্ড নামে একটি আলমিরা থেকে উদ্ধার করে আমাদেরকে দিয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও স্বাস্থ্য-জীবন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিইউ আহসান, প্রক্টর অধ্যাপক নাজমুল আহসান খান, পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ সাবের ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা এম ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতিকারী ছাত্রলীগের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলামকে সহায়তা করা, জঙ্গিবাদে সম্পৃক্ততা, গবেষণায় অনিয়ম, প্রশাসনিক ও আর্থিক দুর্নীতিসহ নানা অভিযোগ ওঠে। এই অভিযোগ তদন্তে দুটি কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
