করোনা সন্দেহে কেউ কাছে গেল না এগিয়ে এলো পুলিশ

আপডেট : ০৫ জুন ২০২০, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি

পুরান ঢাকার বংশাল থানার মালিটোলা ‘পিয়াসী হোটেলের’ সামনে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। করোনা আতঙ্কে কেউই কাছে আসছিল না। সবাই যার যার মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু বংশাল থানা পুলিশ তাদের দায় এড়িয়ে যেতে পারেননি। অচেতন এই ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যান তারা।

এ ব্যাপারে বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঐ ব্যক্তি রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, করোনা রোগী সন্দেহে ঐ ব্যক্তিকে কেউ ধরছে না, এমনকি কাছেও আসছে না। পুলিশ অজ্ঞাতনামা ২৭ বছর বয়সি এই ব্যক্তিকে পিপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিয়ে পুলিশের গাড়িতে চিকিত্সার জন্য দ্রুত স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, ঐ ব্যক্তির পকেটে থাকা মানিব্যাগের মধ্যে একটি মোবাইল ফোন নাম্বার পাওয়া যায়। মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করলে জানা যায় অচেতন হয়ে পড়ে থাকা ব্যক্তির নাম মরন কর্মকার। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার ইছাদি বেওয়ালিয়া গ্রামে। তিনি ঢাকায় একটি জুয়েলার্সের দোকানে কাজ করেন। আরো জানা যায়, তিনি বৃহস্পতিবার গ্রাম থেকে ঢাকায় আসেন। ওসি জানান, মরন কর্মকার বর্তমানে স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আছেন।