জাতিসংঘের মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তিতে সংশ্লিষ্টদের অভিনন্দন জানালেন ভূমিমন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০২০, ২২:১৪

জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এই অর্জনের বিষয়ে গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশব্যাপী ই-মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে মন্ত্রণালয়টি এ পুরস্কার পেয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের আন্ডার সেক্রেটারি কর্তৃক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে প্রদত্ত এক চিঠির বরাত দিয়ে গতকাল আনুষ্ঠানিক ভূমি মন্ত্রণালয়কে বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভূমিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় অধিকাংশ ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তর সম্পন্ন করেছে এবং অবশিষ্ট ভূমিসেবাসমূহ ডিজিটাল করার কার্যক্রম হাতে নিয়েছে। তিনি জানান, গত ১ জুলাই হতে সারাদেশে একযোগে শতভাগ ই-নামজারি বাস্তবায়ন শুরু হয় (তিনটি পার্বত্য জেলা বাদে), বর্তমানে ৪৮৫টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিসে এবং ৩৬১৭টি ইউনিয়ন ভূমি অফিস ই-নামজারি বাস্তবায়ন হচ্ছে।