পল্লবীতে ভবনের ছাদে নারীর হাত-পা বাঁধা লাশ

আপডেট : ০৬ জুন ২০২০, ১৮:০০

রাজধানীর পল্লবীর একটি ভবনের ছাদ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। হত্যার পর তার লাশ ওখানে ফেলে রাখা হয় বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।  

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ছয় তলা ভবনের পঞ্চম তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে। ষষ্ঠ তলার কাজ চলছে। সেখানকার ছাদে লাশটি পেয়েছে পুলিশ। স্থানীয় কেউ ওই নারীকে শনাক্ত করতে পারেননি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে হত্যারহস্য উদঘাটন সহজ হবে। 

আরো পড়ুন : সাহারা খাতুন অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি

পুলিশ জানায়, পল্লবী-১২ নম্বর সেকশনের ই-ব্লকের নির্মাণাধীন ওই ভবনের ছাদ থেকে লাশ উদ্ধারের সময় ওড়না দিয়ে মুখ ও রশি দিয়ে হাত-পা বাঁধা ছিল। তার বয়স আনুমানিক ৪০ বছর। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যাবে। তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কি না তাও জানা যাবে। 

ইত্তেফাক/ইউবি