স্পোর্টস ডেস্ক
করোনার কারণে ফুটবল স্থগিত থাকায় আপাতত মাঠে নামা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে সেটাও রেকর্ড গড়া থেকে দমিয়ে রাখতে পারছে না জুভেন্তাস তারকাকে। মাত্র তৃতীয় ক্রীড়া তারকা হিসেবে বিলিয়ন ডলার আয়ের কীর্তি গড়েছেন তিনি। ফুটবল তো বটেই, যে কোনো দলীয় খেলাতেও প্রথম বিলিয়নিয়ার বনে গেছেন তিনিই।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর প্রকোপে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। বড়ো আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান আর ফুটবল ক্লাব। তবে এই অর্থনৈতিক মন্দার সময়েই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হলেন পর্তুগিজ তারকা। তবে করোনায় যে রোনালদোকে আর্থিক ক্ষতি গুনতে হয়নি ব্যাপারটা মোটেও তেমন নয়। বৈশ্বিক এই মহামারির কারণে পর্তুগাল অধিনায়কের বার্ষিক আয় পড়ে গেছে ৯ শতাংশ। তারপরেও কর বাদ দিয়ে গত বছর ১০৫ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। এরই ফলে তার মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
ফোর্বসের সেরা ১০০ তারকা ধনীর তালিকায় রোনালদো আছেন চার নম্বরে। আর খেলোয়াড়দের মধ্যে শীর্ষ আয় বিচারে গেলো বছরে শীর্ষে থাকা রজার ফেদেরারের ঠিক পেছনেই ছিলেন রোনালদো। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ বছরের ক্যারিয়ারে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন রোনালদো। আর বাকি অর্থ এসেছে বিভিন্ন পণ্য-প্রতিষ্ঠানের দূতিয়ালি বাবদ। তবে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও খুব বেশি পিছিয়ে নেই। ফোর্বসের পূর্বানুমান, আগামী বছরেই বিলিয়নিয়ার ক্লাবে যোগ দেবেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর জয়ী।
