ভেদরগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৫৭

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর সাড়ে ১২ দিকে ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জমাদ্দার ঢাকা মুগদা হাসপাতালে মারা গেছেন। তার বাড়ী ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ জন। এর ফলে শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে চারজনে দাঁড়ালো।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বেশ কিছু রোগে ভুগছিলেন আনোয়ার হোসেন।  বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা আগে থেকেই বেশ খারাপ থাকায় করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার দুপুরে তিনি মারা যান।

আরও পড়ুন: জমে উঠেছে দেশের ২য় বৃহৎ আমের বাজার

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাফীস বলেন, ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এশার নামাজের পর তার বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে।

ইত্তেফাক/এসি