ত্রাণ বিতরণে অনিয়ম, দরিদ্র মানুষের নগদ অর্থসহায়তায় দুর্নীতি এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে ১১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তাদের মধ্যে চার জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ছয় জন ইউপি সদস্য এবং এক জন পৌর কাউন্সিলর রয়েছেন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িকভাবে বরখাস্তকৃত এসব জনপ্রতিনিধিকে কেন চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে স্থানীয় সরকার বিভাগ গত মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ত্রাণের চাল চুরিসহ নানা অভিযোগে এ নিয়ে ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন—কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউপির মো. আনোয়ারুল হক, একই জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির হাজি মো. কাজল ভূইয়া, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউপির মো. শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সিংপুর ইউপির চেয়ারম্যান করোনো ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ত্রাণকাজে সহায়তা না করে সরকারি নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত আছেন। বাজিতপুরের হালিমপুর ইউপি চেয়ারম্যানও দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এ ছাড়া করোনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি, এপ্রিল মাসের ভিজিডি খাদ্যশস্য বিতরণ না করা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থসহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে ব্যর্থ হওয়া এবং কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে নিজে জবাব প্রদান না করে অন্যের মাধ্যমে জবাব দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
বরগুনার এম বালিয়াতলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে মত্স্যজীবীদের ভিজিএফের চাল ৮০ কেজির জায়গায় ৬০ কেজি দেওয়া এবং তালিকার বাইরেও অন্যদের চাল দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। নলটোনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের তালিকা প্রণয়নে অনিয়ম, ভুয়া টিপ-সইয়ের মাধ্যমে চাল উত্তোলন করে আত্মসাত্ এবং ওজনে কম দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
অন্যদিকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলার মজলিশপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন নলটোনা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হারুন মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হানিফ, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য মোসা. রানী এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য মোসা. ছাবিনা ইয়াসমিন। বরখাস্ত হওয়া পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলাইমান বাবুল।
