সরকার সমালোচনাকে ভয় পায় : ফখরুল

আপডেট : ০৬ জুন ২০২০, ২২:৪৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে। সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকে। এজন্য সমালোচনাকে যমের মতো ভয় পায় তারা। গতকাল শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে। বর্তমান সরকারের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিশেষে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করার উদ্দেশ্য হলো, এই করোনা মহামারির মধ্যে কেউ যেন টু শব্দও করতে না পারে।

তিনি আরো বলেন, চারদিকে সীমাহীন ব্যর্থতা, দেশের হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। দেশের স্বাস্থ্যব্যবস্থার ভঙ্গুর অবস্থার কারণে আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতেই মারা যাচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, চারদিকে কর্মহীন মানুষের হাহাকার বাড়ছে। দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করেছে। এই কঠিন দুঃসময়েও সরকার সম্মিলিতভাবে করোনা মোকাবিলা না করে মিথ্যা অহমিকায় জনগণের কাছে সত্যের অপলাপ করছে।