নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী করোনামুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন। গতকাল শনিবার এনসিসি ১৩ নম্বর ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে স্কয়ার হাসপাতাল থেকে গতকাল শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বর্তমানে মগবাজারে বাবার বাড়িতে রয়েছেন। এছাড়া কাউন্সিলর খোরশেদের করোনা পজিটিভ থাকার পরও উপসর্গ না থাকায় তাকে বাড়িতে আইসোলেশনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৩০ মে রাতে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে কাউন্সিলর খোরশেদ দম্পতি সাজেদা হাসপাতালে ভর্তি হন। পরে এমপি শামীম ওসমানের সহযোগিতায় ঐ দম্পতিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য ভর্তি করা হয়। উল্লেখ্য, কাউন্সিলর খোরশেদের টিম এখনো নারায়ণগঞ্জে করোনা রোগীসহ এই রোগের উপসর্গে মৃতদের লাশ দাফন ও সত্কার করে যাচ্ছে। এ পর্যন্ত তার টিম প্রায় ৭০টি লাশ দাফন করেছে।
