অসুস্থ মাকে হাসপাতালের গেটে ফেলে ছেলে উধাও

আপডেট : ০৭ জুন ২০২০, ০১:০৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে করোনায় আক্রান্ত সন্দেহ অসুস্থ মা মনোয়ারা বেগম ওরফে মনিরাকে (৫৫) ফেলে রেখে উধাও হয়ে গেছে ছেলে মো. মোজাম্মেল। খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া অসুস্থ ওই নারীকে উদ্ধার করে করোনা ইউনিটে ভর্তি করেন।

মনোয়ারা বেগম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউনিট-২ এর ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন আছেন। অসুস্থ ঐ নারীর বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দারুস সালাম থানা এলাকার মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে আব্দুস সালামের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন তারা। বাড়িওয়ালা আব্দুস সালাম অসুস্থ নারীর শ্বাসকষ্ট ও কাশি দেখে করোনা সন্দেহ করায় মনোয়ারার ছেলেকে ডেকে হাসপাতালে ভর্তি অথবা তার বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। এরপরই মোজাম্মেল দুপুরে তার মাকে ঢাকা মেডিক্যালের গেটে নিয়ে আসে। সেখানেই মাকে ফেলে পালিয়ে যায় মোজাম্মেল। 

বাচ্চু মিয়া জানান, ঐ নারী করোনা ভাইরাসে আক্রান্ত কি না, পরীক্ষার পর জানা যাবে। তবে তার প্রাথমিক চিকিত্সা শুরু হয়েছে। অসুস্থ মনোয়ারা ময়মনসিংহের হালুয়াঘাট থানার জয়রামপুর গ্রামের মো. শাহজাহানের স্ত্রী।