ললিপপে চাকরি গেল মাদাগাস্কারের মন্ত্রীর

আপডেট : ০৭ জুন ২০২০, ০৯:৪৭

স্কুলের শিশুদের জন্য ২০ লাখ ডলারের ললিপপ কেনার পরিকল্পনা করায় পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের শিক্ষামন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের একটি অপরীক্ষিত ভেষজ ওষুধ খাওয়ার পর মুখের তিক্ততা দূর করতে প্রত্যেক শিশুকে তিনটি করে ললিপপ খাওয়ানোর পরিকল্পনা ছিল মাদাগাস্কারের শিক্ষামন্ত্রী রিজাসোয়া আন্দ্রিয়ামানানার। তবে মাদাগাস্কারের প্রেসিডেন্ট এই প্রস্তাবের বিরোধিতা করার পর তা বাতিল হয়ে যায়। —খবর বিবিসির

প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা মাদাগাস্কারে করোনা ভাইরাসের সম্ভাব্য ওষুধ হিসেবে একটি ভেষজ টনিক ব্যবহার করার পক্ষে অবস্থান নিয়েছেন। আফ্রিকার বেশ কয়েকটি দেশ করোনার চিকিত্সায় ব্যবহারের জন্য নানারকম ভেষজ আমদানি করছে।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, সেগুলো কোভিড-১৯-এর চিকিত্সায় কার্যকর কি না—তা প্রমাণিত নয়। প্রেসিডেন্ট রাজোয়েলিনা অবশ্য ঐ সমালোচনায় কান দিচ্ছেন না। ফরাসি নিউজ চ্যানেল ফ্রান্স ২৪কে তিনি বলেন, যদি কোনো ইউরোপিয়ান দেশ এই ওষুধ আবিষ্কার করত, তাহলে কি এটি নিয়ে এত সন্দেহ প্রকাশ করা হতো? আমার মনে হয় না। মাদাগাস্কারে গতকাল পর্যন্ত প্রায় ১ হাজার মানুষ আক্রান্ত এবং সাত জনের মৃত্যু হয়েছে।