বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা ছাত্র-ছাত্রীরা। গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ সালের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শুরু হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
সিলেট: ৫ লাখের অধিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে গেছে নতুন বই। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় বিনামূল্যে বই। নতুন বই পেতে সকাল থেকেই স্কুলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বই হাতে তাদের আনন্দ ছড়িয়ে পড়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝেও। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ জানিয়েছেন, এবার সিলেটে ৫ লাখ ৩৮ হাজার ৩১০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। সিলেট জেলায় বইয়ের চাহিদা ছিল বাংলা ভার্সনে ২৫ লক্ষ ৩৩ হাজার ৩ শত ৩৪টি এবং ইংরেজি ভার্সনে ২৮ হাজার ৮ শত ৬০টি।
বান্দরবান: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ শিশু-শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবান স্থানীয় রাজার মাঠে প্রধান অতিথি হিসাবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আফছার জানান, এবছর জেলায় ৭৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩ লাখ ৩৩ হাজার ৬০৭টি নতুন বই বিতরণ করা হয়েছে।
কুমিল্লা: বেলা ১১টায় নগরীর নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে নগরীর কুমিল্লা মডার্ণ হাইস্কুলে তিনি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এদিকে মঙ্গলবার দুপুরে নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
খাগড়াছড়ি : জেলার প্রায় ৭শ ৬টি প্রাথমিক ও ১শ ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিশুরা পাচ্ছে নতুন বই। জাতীয় পাঠ্যবই এর সাথে চাকমা মারমা ও ত্রিপুরা আঞ্চলিক মাতৃভাষার উপর রচিত বইও অধিকাংশ বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। দুপুরে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
রাঙ্গামাটি: মঙ্গলবার সকালে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটির শহীদ আব্দুল আলী একাডেমি, বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে পৃথকভাবে এ উত্সবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের জন্য ৩লাখ ৯০হাজার বইয়ের চাহিদা রয়েছে।
হবিগঞ্জ: জেলার ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হচ্ছে নতুন বই। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বই উত্সবের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। পরে তিনি জেকে এইচকে হাই স্কুল, বহুলা মডেল স্কুল-সহ বিভিন্ন স্থানে বই উত্সবের উদ্বোধন করেন। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর ৩শ’ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫৫৫টি বই বিতরণ করা হচ্ছে।
মৌলভীবাজার: স্থানীয় আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আনুষ্ঠানিক বই বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এ বছর জেলায় প্রাথমিক ১৩ লক্ষ ১৪ হাজার ২শ ৭৪ এবং মাধ্যমিক স্তরে, কারিগরি, দাখিল ও ইবতেদায়ি ভোকেশনাল ৩৩ লক্ষ ৯৫ হাজার ২শ ৭টি বই বরাদ্দ করা হয়েছে।
সুনামগঞ্জ: পৌর শহরের রাজ গোবিন্দ সরকারি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক।
লক্ষ্মীপুর:জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৬৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর হাতে সরকারের দেয়া বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হয়। সকালে শহরের দারুল উমুল কামিল মাদ্রাসায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে মন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
চাঁদপুর:জেলার ৮ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৫৮ লাখ ৯৩ হাজার কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সকালে জেলা সদরের হাসান আলী উচ্চ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উত্সব অনুষ্ঠিত হয়। এ দু’টি উত্সবে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): দুপুরে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই উত্সবে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে বই উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১৭৮ প্রাথমিক বিদ্যালয় ও ৫৬ মাধ্যমিক বিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।
চন্দনাইশ (চট্টগ্রাম): সকাল ১০টায় চন্দনাইশ উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এ বছর চন্দনাইশ উপজেলায় ৩৩ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের প্রায় ১ লাখ ৫০ হাজার পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
চৌমুহনী (নোয়াখালী): চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উত্সবের প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) আলী আশরাফ খাঁন, সহকারী শিক্ষা অফিসার জহির উদ্দিন, সাংবাদিক হরলাল ভৌমিক প্রমুখ।
হোমনা (কুমিল্লা):সকালে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও আজগর আলী উত্সবের উদ্বোধন করেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, প্রকৌশলী জহিরুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, প্রধান শিক্ষক আবদুস সাত্তার, জাপা নেতা মুকুল মাহমুদ প্রমুখ।
ছাতক (সুনামগঞ্জ): সকালে শহরের বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুলে বই বিতরণ করা হয়।
রাউজান (চট্টগ্রাম): উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়, ৭০টি কেজি স্কুল ৭১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৪১৯৪৯ জন শিক্ষার্থীকে ১৯৭৭৭৮টি বই ও মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮৮৭৫৫টি বই, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক ১৫০টি প্রাথমিক সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ৪ হাজার ৫০০ খুদে শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। সকালে রাউজান আর. আর. এ.সি. সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক কোমলমতি শিক্ষার্থীর উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বই উত্সবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা।
