ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুরে দলের প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম (৪৫) রবিবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হরিশংকরপুর গ্রামের রিয়াজুল বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার এ হামলার ঘটনায় এ নিয়ে দুই জন মারা গেলেন। এর আগে আলাপ শেখ নামে আরো একজন মারা যান।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মো. আবুল বাশার জানান, বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান ফরিদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার প্রতিপক্ষরা ফরিদুজ্জামানের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে।
হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুজ্জামান ফরিদ জানান, নিহত নুর ইসলাম ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আলাপ শেখ সহসভাপতি ছিলেন।
