গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পিরোজপুর ময়দান, নানা ছুতায় চলছে দখল’ শিরোনামে খবর প্রকাশের পর ময়দানটি দখলমুক্তের উদ্যোগ নিয়েছে প্রশাসন। রবিবার মধুপুর উপজেলার প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম সরেজমিন পিরোজপুর বাজার ও ময়দান পরিদর্শন করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রাজু আহমেদ, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম মেম্বার, বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, সরেজমিন দেখার জন্য সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিমকে পাঠানো হয়েছিল। ময়দান থেকে কাঠ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কাগজপত্র ঘেঁটে দেখা হচ্ছে। স্থায়ীভাবে ময়দান উন্মুক্ত এবং জবরদখল মুক্ত করা হবে।
