সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত সালিশি বৈঠকে বহিরাগত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পাঁচ জন আহত হয়েছে। শনিবার বিকালে বীজবাগ ইউপির কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত আইয়ুব আলী (৩০) ও আবদুল আলীকে (২৬) উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জমি নিয়ে ঐ গ্রামের একই বাড়ির আবদুল আলী ও আবদুস সাত্তারের মধ্যে বিরোধ মীমাংসার জন্য সালিশ চলছিল। এরই মধ্যে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী ঐ ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনবাগ থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
