দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
উপজেলায় বালু বোঝাই ট্রাক্টরসহ ভেঙে পড়েছে একটি সেতু। এ ঘটনায় রাসেল মিয়া (২৭) নামে ঐ ট্রাক্টরের চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী যাওয়ার পথে চান্দার বাড়িসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত চালক দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজার উত্তর পাড়ার মো. শহীদ ড্রাইভারের ছেলে। দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার।
ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম সরকার জানান, সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। আমি নিজেই সেতুটির চারপাশে বিপদসংকেত হিসেবে বাঁশের বেড়া দিয়েছি। তার পরও চালকরা এ বেড়া সরিয়ে সেতু দিয়ে চলাচল করছিল।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কিছু চালক অবৈধভাবে মালামাল পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুটি পুনরায় সংস্কার কাজের জন্য প্রক্রিয়া চলছিল।
