কুমিল্লায় গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:২১

কুমিল্লার বরুড়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ চার যুবকের মধ্যে শাখাওয়াত নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। গত সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার দুপুরে আড্ডা ডিগ্রি কলেজ মাঠে নিহতের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত শাখাওয়াত বরুড়া উপজেলার পূর্ব আড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভোটের আগের দিন শনিবার দিবাগত রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হন স্থানীয় যুবদল কর্মী শাখাওয়াত হোসেন, দিদার, নুরুজ্জামান ও নাহিদ।

নিহতের আত্মীয় সাইফুল ইসলাম জানান, সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাখাওয়াতের ময়নাতদন্তের পর রাত ১০টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তরুণ কুমার আচার্য বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। এ ঘটনার তদন্ত চলছে।