করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা হোক

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৪৯

২০১৫-১৬ অর্থবছর থেকে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকায় অপরিবর্তিত রয়েছে। যেখানে ঐ অর্থবছরে বাজেটের আকার ছিল ২.৯৫ লক্ষ কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার পরিমাণ ছিল ১.৫৩ লক্ষ কোটি টাকা, পক্ষান্তরে ২০১৯-২০ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫.২৩ লক্ষ কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার পরিমাণ ছিল ৩.৭৭ লক্ষ কোটি টাকা। অর্থাত্ বিগত পাঁচবছরে বাজেটের আকার ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় দ্বিগুণ হয়েছে, অথচ করমুক্ত আয়সীমা অপরিবর্তিতই রয়ে গেছে। আবার বিগত পাঁচবছরে মুদ্রাস্ফীতি গড়ে পাঁচ শতাংশের বেশি বেড়েছে, নিত্যপণ্যের মূল্যও প্রায় দ্বিগুণ হয়েছে, অথচ ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকাতেই স্থির রয়েছে। এ বছর কোভিড১৯-এর প্রভাবে মানুষের জীবন-জীবিকা চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে এবং এর প্রভাবে মানুষের আয়কর প্রদান খুব কঠিন হয়ে পড়বে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবমতে দেশে মোট ইটিআইএনধারী চল্লি­শ লাখ—যার মধ্যে নিয়মিত আয়কর দেন মাত্র আঠারো লাখ অর্থাত্ বাইশ লাখ ইটিআইএনধারী নিয়মিত আয়কর এড়িয়ে চলছেন বা ফাঁকি দিচ্ছেন। তার মানে হচ্ছে সরকার আয়কর এড়িয়ে চলা বাইশ লাখ ইটিআইএনধারীর কর নিয়মিত আয়কর পরিশোধকারী আঠারো লাখ ইটিআইএনধারীর কাছ থেকে আদায় করছে। এটা প্রকান্তরে যারা নিয়মিত আয়কর পরিশোধ করছে তাদেরকে নিরুত্সাহিত করছে। এই বিষয়গুলো বিশে­ষণ করে, সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি—আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য জাতীয় বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকায় নির্ধারণ করা হোক।

মো. জিল্ল­ুর রহমান

সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা