গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই ইস্যুতে ধর্মঘটের হুমকি

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই ইস্যুতে ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। তারা বলেন সরকারের সঙ্গে বড়ো দর কষাকষির লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। গত শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন। অব্যাহত ছাঁটাই ও মিথ্যা মামলায় শ্রমিক হয়রানি এবং বাজেটে শ্রমিকের রেশনিং-বাসস্থানের জন্য অর্থ বরাদ্দের দাবিতে ঐ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকরা আক্রান্ত হলে ক্ষতিপূরণ পাওয়ার পরিবর্তে উলটা চাকরি হারাচ্ছে। জ্বর-সর্দিতে আক্রান্ত হওয়া শ্রমিককে ছুটিতে পাঠিয়ে আর কাজে নেওয়া হচ্ছে না। অন্যদিকে আক্রান্তরা চিকিত্সাও পাচ্ছে না। ফলে শ্রমিকরা উপসর্গ লুকাতে বাধ্য হচ্ছে। সমাবেশ থেকে বলা হয়, শিল্পে ক্রমেই শ্রমিক বিক্ষোভ থেকে এক অনিবার্য ‘বিস্ফোরণ’ সময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার জন্য মালিকপক্ষের আচরণকে দায়ী করেন তারা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, এমএ শাহীন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড় ঘুরে মুক্তি ভবনের সামনে গিয়ে শেষ হয়।