ঘিওরের অসহায় কৃষকের ধান কেটে দিলেন আনসার ভিডিপি সদস্যরা

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৫৫

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিকসংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই সবাইকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে করোনা ভয়কে উপেক্ষা করে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন ঘিওর উপজেলার আনসার ভিডিপির সেচ্ছাসেবী সদস্যরা। রবিবার সকাল ১০টায় উপজেলা আনসার ভিডিপির দলনেতা মো. শাহ আলমের নেতৃত্বে উপজেলার চঙ্গশিমুলিয়া এলাকায় অসহায় মো. রুস্তম আলী কৃষকের দুই বিঘা ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজিয়া সুলতানা, দলনেত্রী ছবি সাহা, পিছি মেহেদী হাসান, চাঁন মিয়া, মো. সামেজ মিয়া, মহিলা আনসার সদস্য জনি আক্তারসহ প্রায় ২৪ জন স্বেচ্ছাবেসী আনসার ভিডিপি সদস্য।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজিয়া সুলতানা জানান, আমাদের আনসার ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরা অসহায় কৃষকের ধানকাটা-মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন। বোরো ধান থাকাকালীন আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। উপজেলা আনসার ভিডিপি সদস্যদের এমন উদ্যোগ সাধারণ মানুষকে আরো অনুপ্রাণিত করবে।