করোনাকালে সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশনা ছিল কারাগার থেকে আসামি হাজির না করার। ঐ নির্দেশনার পর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করা হয়নি। কিন্তু এর ফলে তদন্তাধীন ফৌজদারি মামলায় কারাগারে থাকা আসামির রিমান্ড আবেদনের শুনানি বন্ধ ছিল। বাধাগ্রস্ত হচ্ছিল অনেক চাঞ্চল্যকর মামলার তদন্তকাজ। গতকাল সেই প্রতিবন্ধকতাও দূর করল সুপ্রিম কোর্ট। আসামিকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রিমান্ড শুনানির জন্য অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গতকাল রবিবার এ বিষয়ে নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট।
এখন থেকে তদন্তাধীন মামলার আসামিকে কারাগারে রেখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের বিচারকের সামনে হাজির করবে কারা কর্তৃপক্ষ। এজন্য রিমান্ড শুনানির আগে আদালত থেকে সংশ্লিষ্ট কারাগারে ভিডিও কনফারেন্সিংয়ের লিংক পাঠানো হবে।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ হতে কারাবন্দি আসামিদের রক্ষায় তাদের আদালতে হাজির না করে জামিন শুনানি করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একই সঙ্গে মামলার অন্যান্য কার্যক্রম কারাবন্দি আসামির অনুপস্থিতিতে পরিচালনা করা না গেলে তা মুলতুবি রাখতে বলা হয়। এই নির্দেশনার পর কোনো আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
কিন্তু মামলার তদন্তের স্বার্থে অনেক সময় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য আদালতে তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট মামলার আসামিকে রিমান্ডে নিতে আবেদন দেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রিমান্ড আবেদনের শুনানির সময় সংশ্লিষ্ট মামলার আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। কিন্তু করোনাকালে কারাগার থেকে আসামি হাজির না করার নির্দেশনা থাকায় অনেক মামলার রিমান্ড আবেদনের শুনানি বন্ধ ছিল। ফলে বাধাগ্রস্ত হচ্ছিল মামলার তদন্তকাজ।
