মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত

আপডেট : ০৭ জুন ২০২০, ২৩:১৬

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাত্ আগের মতোই সংকটাপন্ন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটরে ৭২ ঘণ্টার নজরদারিতে রেখেছে মেডিক্যাল বোর্ড। আজ সোমবার এই ৭২ ঘণ্টার নজরদারি শেষ হবে। মোহাম্মদ নাসিমের চিকিত্সায় গঠিত মেডিক্যাল টিমের সদস্যরা গতকাল রবিবার দুপুরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এমন তথ্য জানান।

মেডিক্যাল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ইত্তেফাককে বলেন, আমরা (মেডিক্যাল বোর্ড) শনিবার বিকালে যে অবস্থা দেখেছিলাম আজকেও (রবিবার) তিনি একই অবস্থায় আছেন। প্রায় ২৪ ঘণ্টা হতে চলেছে, এর মধ্যে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি ডিপ কোমায় আছেন। তার অবস্থার কোনো উন্নতিও হয় নাই, অবনতিও হয় নাই। ওনার    পালস ৮০ থেকে ১৯০ এর মধ্যে ওঠানামা করছে। ব্লাড প্রেসার ওষুধের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে। এ সময় মোহাম্মদ নাসিমের অবস্থা আগের মতোই সংকটাপন্ন বলেও জানান তিনি।  ডা. কনক কান্তি বড়ুয়া আরো বলেন, প্রতি ঘণ্টায় বা ২৪ ঘণ্টা পরপর রোগীর শারীরিক অবস্থা কেমন হচ্ছে তা নিয়ে আমরা রিপোর্ট দিয়ে থাকি। তবে প্রাথমিকভাবে দুই তিন বা চার দিন দেখে একটা সামআপ করে সেটা বলা হয়। এছাড়া সিটিস্ক্যানসহ অনেক পরীক্ষা করেও ব্রেনের অবস্থা আমরা বুঝতে পারি। কিন্তু শনিবার ও আজ (রোববার) যে অবস্থা দেখেছি তাতে বলা যায় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে অনেক ধরনের সাপোর্ট দেওয়া আছে। সেজন্য ঝুঁকির কারণে এখনই সিটিস্ক্যান করা যাচ্ছে না। তার শরীরের অবস্থা আরেকটু উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে।

গত ১ জুন জ্বর-কাশি, শারীরিক দুর্বলতাসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ঐ পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান বিশিষ্ট নিউরো সার্জন অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও এখনো তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেঁধে আছে। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন। এদিকে মোহাম্মদ নাসিমের চিকিত্সায় ন্যাশনাল ইনস্টিটিউট ও নিউরো সায়েন্সের পরিচালক প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপ ডা. কনক কান্তি বড়ুয়াসহ ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মোহাম্মদ নাসিমের পুত্র তানভির শাকিল জয় ও চিকিত্সকের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজ-খবর রাখছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ১৪ দলের মুখপাত্রও। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্রসহ একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।