যশোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

যশোর শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে মাসুদ কম্পিউটারের সামনে মহিদুল ইসলাম সাফা (৪২) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সাফা আরএন রোড এলাকার এইচএন এন্টারপ্রাইজের মালিক। তিনি আমদানি-রফতানিকারক ছিলেন। সাফা বেনাপোলের ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তিনি যশোর শহরের খালধার রোডে ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী এইচএন এন্টারপ্রাইজের ম্যানেজার মোতালেব হোসেন বলেন, ‘আমার প্রতিষ্ঠানের মালিক সাফাকে নিয়ে খালধার রোড থেকে ঈদগাহ মোড়ে এসেছিলাম প্রয়োজনীয় তথ্য কম্পোজ করতে। মাসুদ কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়াই কাজ করানোর জন্য। এই সময় আমার পেছনে সাফা বসে ছিলেন। পাশ দিয়ে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাফার গলায় পোঁচ দিয়ে দ্রুত চলে যায়। আমি কোনো কিছু বুঝে উঠতে পারিনি। সাফা পড়ে যাচ্ছেন দেখে আমি তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে ভর্তির পর তিনি মারা যায়।’

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার শ্যামাপদ জয় বলেন, ‌‌‘ধারালো অস্ত্রের আঘাতে সাফার শ্বাসনালী কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।’

আরও পড়ুনঃ কুঁড়েঘরে ট্রাক, ঝরে গেলো ৮টি ঘুমন্ত প্রাণ

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘সাফা আমদানি-রফতানি ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণে তাকে খুন করা হয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

ইত্তেফাক/কেকে