বিদায়ী ডিসেম্বর মাসেই দুর্নীতি দমন কমিশন (দুদক) ১১টি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে। অনুমোদিত এসব চার্জশিট চলতি মাসেই বিচারিক আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য্য।
দুদক সূত্র জানায়, ২ কোটি ৮০ টাকা জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ১৫ জুন রাজধানীর নিউমার্কেট (ডিএমপি) থানায় দায়েরকৃত মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। ওই মামলায় ওরিয়েন্টাল ব্যাংক লিঃ (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক লিঃ,) মিরপুর রোড শাখার সাবেক ব্যবস্থাপক এ জেড এম সালেহ একই ব্যাংকের সাবেক এভিপি (এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) শেখ শাহরুক আহমেদ, ব্যাংকটির সাবেক ডিএমডি মোঃ ইমামুল হক, সাবেক এভিপি মাহমুদ হোসেন, আরব বাংলাদেশ ব্যাংক লি.-এর কাকরাইল শাখার সাবেক উপ-ব্যবস্থাপক (এভিপি) মোক্তাদির বিল্লাহর নাম মামলার আসামি তালিকায় রয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোঃ সালাউদ্দিন।
এদিকে মন্দিরের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগে সাভারের কাতলাপুর গ্রামের জগন্নাথ বৈরাগীর বিরুদ্ধে সাভার থানায় দায়েরকৃত একটি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক নূর-ই-আলম।
অপরদিকে অপরাধলব্ধ ৪৪ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫শ টাকার উত্স গোপনের লক্ষ্যে জ্ঞাতসারে লেনদেন করে স্থানান্তর/রূপান্তর ও লেয়ারিং করে মানিলন্ডারিং তথা আত্মসাতের অভিযোগে গত ১১ এপ্রিল ডবলমুরিং (চট্টগ্রাম) থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামনুর রশীদ চৌধুরী। এই মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে। মামলায় আসামির তালিকায় নাম রয়েছে মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামশুল আলম, মেরিন ভেজিটেবল অয়েলস লিঃ এর চেয়ারম্যান টিপু সুলতান, মেরিন ভেজিটেবল অয়েলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর আগ্রাবাদ শাখার সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শাখা ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্য, ওই ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক (অপাঃ) মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক প্রিন্সিপাল অফিসার (ইনচার্জ ফরেন ট্রেড) মঈনুল কাদের চৌধুরী, ওই ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার সাবেক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সাবেক ব্যবস্থাপক (অপাঃ) সরদার মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রাঃ) লিঃ-এর চেয়ারম্যান মোঃ নুরুল আবছার।
এর বাইরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গোডাউন থেকে গায়েবকৃত ৩৬৭টি মোটরসাইকেল গায়েব করে এর মোট মূল্য ৭৫ লাখ ২৩ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৯ জুন, ২০১৬ তারিখে শাহবাগ (ডিএমপি) থানায় দায়েরকৃত মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আঃ সালাম আলী মোল্লা। মামলাটির আসামির তালিকায় নাম রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী আক্তারুল ইসলাম কায়েস।
