পয়লা ব্রিজসংলগ্ন অংশে গর্ত ও কাদা পানিতে একাকার

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:২৭

মাহমুদপুর-ইসলামপুর সড়ক

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহ উপজেলার মাহমুদপুর থেকে ইসলামপুর যাওয়ার সড়কটি পয়লা ব্রিজসংলগ্ন অংশে বড়ো আকারের গর্ত সৃষ্টি হয়ে কাদা-পানিতে একাকার হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলজিইডির আওতাধীন সড়কটি নিত্যপণ্য পরিবহনসহ সাধারণ মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে চলাচলে ইসলামপুর-দেওয়ানগঞ্জ-মেলান্দহ-মাদারগঞ্জের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয়রা জানান, নব্বইয়ের দশকে বেড়িবাঁধের এই রাস্তাটি পাকা করা হয়। ফলে মেলান্দহ-ইসলামপুর-দেওয়ানগঞ্জ এবং মাদারগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ সুবিধা বাড়ে। কিন্তু ২০১২ সালের বন্যা এবং বৃষ্টির সময় মেলান্দহ-মাহমুদপুর রোডের পয়লা ব্রিজসংলগ্ন রাস্তাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে পয়লা ব্রিজ স্থলে সংস্কার করা হলেও আবারও তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মাটি ফেলে ভরাট করে রাস্তাটি নির্মাণ করার কথা থাকলেও, বালু দিয়ে গর্ত ভরাট করার পরের বছরই বন্যার পানির তোড়ে রাস্তাটি আবারও ভেঙে যায়। এরপর থেকে এখনো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

পথচারী রফিকুল ইসলামসহ অন্যরা জানান, ছয়-সাত বছর যাবত্ এই রাস্তাটি বেহাল। এখানে গর্তে পড়ে গাড়ি উলটে দুর্ঘটনা নিত্যদিনের। মেলান্দহ-ইসলামপুরের সীমান্তবর্তী এলাকা হিসেবে এটি অবহেলিত হয়ে আছে। এ ব্যাপারে মেলান্দহ উপজেলা প্রকৌশলী মাজেদুর রহমান জানান, ছয়/সাত মাস আগে রাস্তাটি মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই টেন্ডার হবে।